শহীদ মিনারে জিয়া পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।  পুষ্পস্তবক অর্পণ শেষে পরিবারের সদস্যরা মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরআগে, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদীতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। আরও পড়ুন: ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়েও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলীয় নেতাকর্মীদের নিয়েও তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন মন্ত্রিপরিষদ সদস্যরাএছাড়া একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জোটের অন্য এমপিরাও উপস্থিত ছিলেন। এ সময় বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।