টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটা ছিল বাঁচা-মরার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের একাই কচুকাটা করতে থাকেন ওপেনার শাহিবজাদা ফারহান। এক পর্যায়ে তিনি পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। তবে সে ম্যাচে তিনটি উইকেট পড়ে গেলেও ব্যাটিংয়ে নামানো হয়নি বাবর আজমকে। ধীরগতির ব্যাটিংয়ের কারণেই তাকে সেদিন ব্যাটিংয়ে নামানো হযনি, সেটি আজ পরিষ্কার করে জানিয়ে দিলেন দলের কোচ মাইক হেসন।নামিবিয়ার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেছেন অধিনায়ক সালমান আলী আঘা। এরপর চার নম্বরে ব্যাট করেছেন খাজা নাফে ও পাঁচে শাদাব খান। সে ম্যাচে বাবর আজমকে ছাড়াই ১৯৯ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাব দিতে নেমে লড়াইটাও করতে পারেনি নামিবিয়া, হেরেছে ১০২ রানের বিশাল ব্যবধানে। আর তাতেই সুপার এইট নিশ্চিত হয় পাকিস্তানের। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিবি বলেন, ‘আমার মনে হয় বাবর ভালোভাবেই জানে যে বিশ্বকাপে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১০০-এর নিজে। এটা পরিষ্কারভাবে সেই ভূমিকা নয়, যা আমরা এই দলে চাই।’ আরও পড়ুন: বিশ্বকাপ দলের ১২ ক্রিকেটারকে ছাড়াই নিউজিল্যান্ড সফরের দল দিলো দ. আফ্রিকা তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। নামের পাশে রয়েছে ৪ হাজার ৫৭১ রান। ৩৯.০৬ গড়ে তার স্ট্রাইক রেট ১২৮.১৮। তার পরের স্থানে রয়েছে ভারতের রোহিত শর্মা। ১৪০.৮৯ স্ট্রাইক রেট ও ৩২.০৫ গড়ে তার মোট রান ৪ হাজার ২৩১। যদিও এই রান করতে রোহিতের খেলতে হয়েছে ১৫৯ ম্যাচ, আর বাবর এই রান করেছেন ১৪৩ ম্যাচে। তবে বর্তমান দলের কৌশলের সঙ্গে বাবর আজমের ব্যাটিং গতি ঠিক মানাচ্ছে না বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। হেসন বলেন, একই কারণে গত এশিয়া কাপেও একবার বাবরকে বাইরে রাখা হয়েছিল। এমনকি বিগ ব্যাশ লিগে হতাশাজনক পারফরম্যান্সের পরও তাকে বিশ্বকাপে রাখা হয়েছিল তার নির্দিষ্ট একটা ভূমিকার জন্য। হেসন বলেন, ‘এশিয়া কাপের পর আমরা বাবরকে নির্দিষ্ট একটি ভূমিকার জন্য ফিরিয়ে এনেছিলাম। শেষের দিকে ওই ভূমিকা পালনের জন্য আমাদের অপশনও আছে। বাবর নিজেও বিষয়টি স্বীকার করে। সে জানে দলের চাহিদা অনুযায়ী তার কিছু নির্দিষ্ট দক্ষতা আছে। আবার কিছু সময় অন্য খেলোয়াড়রা সেই ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে পারে।’ আরও পড়ুন: নিজের ছেলেও নাকি তাকে ডাকতেন ‘চাচা’ বলে শুধু বাবরই নন, বাজে বোলিংয়ের কারণে নামিবিয়ার বিপক্ষে একাদশের বাইরে রাখা হয়েছিল পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তিন ম্যাচে তিনি দিয়েছেন ১০১ রান। ভারতের বিপক্ষে দুই ওভারে খরচ করেছেন ৩১ রান। এই সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়ে হেসন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শাহিনের জায়গায় সালমান মির্জা খেলবে, এবং সে অবিশ্বাস্যভাবে ভালো বোলিং করেছে। সত্যি বলতে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে না খেলাটা তার জন্য দুর্ভাগ্য ছিল।’ শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোতে সুপার এইটের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক হেসন। ‘নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অনেক ক্রিকেট খেলেছে। তাই আমাদের সেরাটা খেলতে হবে।’