দেশপ্রেম ও সততার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারিতে এটাই জাতির প্রত্যাশা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে আবু সুফিয়ান বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ছাত্র-জনতা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন বাঙালি জাতি অধিকার আদায়ে আপসহীন। ৭৪ বছর আগে ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনার ভিত্তিও রচনা করেছে। ইতিহাসের বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশের ছাত্রসমাজ বারবার প্রমাণ করেছে গণতন্ত্র রক্ষা ও উদ্ধারে তারা রক্ত দিতে জানে। তিনি বলেন, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার দীর্ঘ সংগ্রামের ফসল। এসব অর্জন ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ১৬ কোটি মানুষের হারানো মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন বলেও মন্তব্য করেন আবু সুফিয়ান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করবেন। আবু সুফিয়ান আরও বলেন, ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারের অধীনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করতে পারা জাতির জন্য গর্বের। দেশের অগ্রগতি ও গণতন্ত্র সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এমআরএএইচ/ইএ