বরফ আর পাহাড়ের বুকে দীর্ঘ ১৭ দিনের লড়াই শেষে ফুরিয়ে এলো মিলানো-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের সময়। রোববার (২২ ফেব্রুয়ারি) ইতালির ঐতিহাসিক শহর ভেরোনায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নিভিয়ে ফেলা হবে অলিম্পিক মশাল। আধুনিক ক্রীড়া আর প্রাচীন রোমান ঐতিহ্যের এক মেলবন্ধনের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।ইতালির ভেরোনা। যে শহরকে বলা হয় প্রেম আর ইতিহাসের জনপদ। ইউনেস্কো স্বীকৃত প্রথম শতাব্দীর প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটার এখন সেজেছে এক নতুন সাজে। যেখানে একসময় গ্ল্যাডিয়েটরদের লড়াই চলতো, সেখানেই অলিম্পিক সমাপনী অনুষ্ঠানে প্যারেড করবেন বিশ্বের সেরা অ্যাথলিটরা। ১৭ দিনের রোমাঞ্চকর লড়াই শেষে মিলানো-কোর্টিনার এই বিদায়বেলাকে ‘ইউনিক’ বা অনন্য করার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। সমাপনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘বিউটি ইন অ্যাকশন’ বা ‘কর্মে সৌন্দর্য’। যেখানে তুলে ধরা হবে ইতালীয় শিল্প, সংগীত আর গল্প বলার চিরাচরিত সংস্কৃতি। ব্যালের মঞ্চ মাতাবেন রবার্তো বোলে, গানে থাকবেন আচিল লাউরো আর গ্যাব্রি পন্তে। সঙ্গে ‘ফান্দাসিওন এরিনা ডি ভেরোনা’র বিশাল অর্কেস্ট্রা আর সংগীত দল তৈরি করবে এক মায়াবী সুরের আবহ। এই পরিবেশনা কেবল খেলাধুলার সমাপ্তি নয়, বরং ইতালীয় আভিজাত্যের এক প্রদর্শনী। আরও পড়ুন: অলিম্পিক ভিলেজে কনডম সংকট, ভ্যালেন্টাইনস ডে ঘিরে চাঞ্চল্য অলিম্পিক সমাপনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ লিডার আলফ্রেডো আকাতিনো বলেন, ‘সমাপনী অনুষ্ঠান হলো উপলব্ধির সময়। অ্যাথলেটরা জানেন তারা কতটা দিতে পেরেছেন। এটি বিচ্ছেদের বিষাদে ভরা এক মুহূর্ত হলেও এর ভেতর জড়িয়ে আছে অসাধারণ সব স্মৃতি। অ্যাথলেটরাই হবেন এই অনুষ্ঠানের মূল নায়ক। আমরা এমন এক উৎসব তৈরি করছি যা ভেরোনায় আসা মানুষ কোনোদিন ভুলবে না।’ সমাপনী অনুষ্ঠানের পরিচালক মারিয়া লরা ইয়াসকোন বলেন, ‘আমি চাই মানুষ যখন এই অনুষ্ঠানটি দেখবে, তারা যেন বলে। এটাই সেই আসল ইতালি যা আমরা কল্পনা করি। আমরা চাই বিশ্বকে আবারও আবেগে ভাসাতে এবং কয়েক শতাব্দীর মতো আবারও অনুপ্রেরণার উৎস হতে।’ আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় কাতার জয়-পরাজয়ের হিসাব শেষে অলিম্পিক মশাল নিভে যাবে ঠিকই, কিন্তু ভেরোনার এই প্রাচীন দেয়ালে প্রতিধ্বনিত হবে ১৭ দিনের অদম্য সাহসের গল্প। শীতকালীন অলিম্পিকের এই বিদায়বেলা তাই কেবল শেষ নয়, বরং নতুন এক শুরুর অপেক্ষা।