দেশে এখনও একটি মহল ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতাকে প্রশ্রয় দিতে চায় বলে আক্ষেপ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। প্রশাসনের ভেতর যারা গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছেন, সরকার তাদের চিহ্নিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে, সে বিষয়ে সতর্ক করেন তথ্যমন্ত্রী। জনকল্যাণে কাজ করার জন্য উভয়ের মাঝে সমঝোতা গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন আপনাদের বিরুদ্ধেই কোনো আন্দোলন গড়ে না ওঠে, সেজন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।’ চলতি ফেব্রুয়ারির মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করবে বলে ঘোষণা দেন জহির উদ্দিন স্বপন। তিনি জানান, দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার এই ফ্যামিলি কার্ড পাবেন। অগ্রাধিকার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের যেকোনো সমস্যার সমাধান সাংবাদিকতার নিজস্ব পরিসরের মধ্যেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তিনি চান না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন। আরও পড়ুন: প্রেসক্লাবের ডালপুরি খেয়ে হরতাল কর্মসূচি পালন করতাম, তথ্যমন্ত্রীর স্মৃতিচারণ তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।’ গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভূমিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।’ সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত এটি সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।’