চিরকুটে লেখা ‘তোমাদের খেয়ে গেছি, কখনো খাওয়াতে পারি নাই’, পাশেই ঝুলন্ত মরদেহ

আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারি নাই- এমন চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবুল কালাম (২০) নামের এক যুবক। তবে পরিবারের দাবি, প্রেমঘটিত কারণেও এমন ঘটনা ঘটতে পারে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার গোলজার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। সেহরির সময় তার মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে আবুল কালাম লিখেছেন, ‘প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও খুশি না, কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে।’ আরও পড়ুন: পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চিরকুটে বেকারত্বজনিত হতাশার কথা উল্লেখ থাকলেও নিহতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণেও এমন সিদ্ধান্ত নিতে পারেন সে। আরও পড়ুন: সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইব‌নে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।