চলছে অমর একুশের বইমেলা আয়োজনের প্রস্তুতি। বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। নির্বাচনের কারণে শুরু হতে দেরি হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার আশা আয়োজকদের।প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন, একুশের ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে। পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন। আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। তারা বলেন, হৃদয়ের টানে বাংলা একাডেমিতে আসলেও এখানকার পরিবেশ নিষ্প্রাণ লাগছে। কারণ এবার ২১শের বইমেলা ২১শে হচ্ছে না। বইমেলা পরে শুরু হবে; এ ব্যাপারটা একটু খারাপ লাগছে। যে জমজমাট পরিবেশটা থাকে, সেটা এবার নেই। আরও পড়ুন: বইমেলা নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রকাশকদের জন্য বড় সুখবর এদিকে, বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। এবার রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় থাকছে কিছুটা ভিন্নধর্মী ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা বলেন, মেলায় প্রায় ১১৫০টি স্টল থাকছে, যা আগে থেকে কিছুটা বেশি। তবে প্রতিবছর ফাল্গুনের দিনগুলোতে সবসময় ভিড় থাকে। ২১শে ফেব্রুয়ারির দিন এক বিশাল ক্রাউড দেখা যেত, সেটা এবার মিস হয়েছে। সরকারের গঠন ও অন্যান্য রাষ্ট্রীয় বিষয় মিলিয়ে এবার মেলা এখনও শুরু করা সম্ভব হয়নি। তবে দেরিতে শুরু হলেও আয়োজকেরা আশা করছেন, মেলা শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা প্রাণচাঞ্চল্য। বাংলা একাডেমি প্রাঙ্গণ ভরে উঠবে বই, পাঠক আর লেখকদের পদচারণায়। মিলবে ভালো সাড়া। বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল তৈরি ও সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও কর্মীরা।