ইতালির স্পন্সর ভিসা: ‘ক্লিক ডে’ ত্রুটিতে মিলছে না ভিসা, বাড়ছে অবৈধ শ্রমিক

প্রশাসনিক জটিলতা এবং ক্লিক ডে’র ত্রুটির কারণে ইতালিতে বহু বিদেশি শ্রমিক অবৈধ হয়ে যাচ্ছে। ইতালির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে।অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে প্রতি বছর কোটা নির্ধারণ করে স্পন্সর ভিসায় বিদেশি শ্রমিক প্রবেশের অনুমোদন দিয়ে থাকে ইতালি সরকার। যদিও বাস্তবে অনুমোদনের হার খুবই কম। প্রশাসনিক জটিলতা এবং ক্লিক ডের ত্রুটিতে অবৈধ হয়ে থাকছেন কারণে বহু শ্রমিক। দেশটির উচ্চকক্ষ সিনেটে ‘এরো স্ত্রানিয়েরো’ নামের একটি প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের স্পন্সর ভিসার কোটা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৮৫০টি। তবে সফলভাবে ইতালিতে থাকার অনুমোদন পেয়েছেন মাত্র ২৪ হাজার ৮৫৮ জন। চূড়ান্ত অনুমোদনের হার ছিল ১৬ দশমিক ৯ ভাগ। ২০২৫ সালের কোটা বাড়িয়ে করা হয় ১ লাখ ৮১ হাজার ৪৫০। কিন্তু মাত্র ১৪ হাজার ৩৪৯ জন অনুমোদন পেয়েছেন। শতকরা হার মাত্র ৭ দশমিক ৯ শতাংশ। আরও পড়ুন: প্রথম ধাপের ক্লিক ডে শেষ, চলতি বছর কত লাখ শ্রমিক নেবে ইতালি? ইতালিতে আসা এসব শ্রমিক দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় অনেকে অবৈধ অবস্থায় থেকেই কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে সঠিক উপায়ে ভিসা ও থাকার অনুমোদন দেয়ার দাবি জানিয়েছেন দেশটির নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, ইতালিতে আসার ক্ষেত্রে শ্রমিকদের আমলাতান্ত্রিক জটিলতায় কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। সরকারকে এ বিষয়টি মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত। তা না হলে ইতালিতে অবৈধদের সংখ্যা বাড়বেই। আরও পড়ুন: তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদন সম্পন্ন ইতালিতে বিদেশি শ্রমিক প্রবেশ শুধু একটি অভিবাসন ইস্যু নয়। এটি দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ শ্রম বাজারের সঙ্গে সরাসরি যুক্ত। সিনেটে উপস্থাপিত প্রতিবেদনে সুপারিশ করা হয়, শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কোটা নির্ধারণ, আবেদন প্রক্রিয়া ডিজিটাল ও দ্রুত করা, মৌসুমি কাজের শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ এবং শ্রম অধিকার নিশ্চিত করা প্রয়োজন।