প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ দফতর জানিয়েছে, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি থেকে কয়েক ডজন বাঘের অসুস্থতার লক্ষণ প্রথমে দেখা যায়। জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতানামুংকলানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাঘ অসুস্থ হলে তা বিড়াল বা কুকুরের মতো প্রাণীর ক্ষেত্রে যতটা সহজে ধরা যায়, ততটা সহজে শনাক্ত করা যায় না। আমরা যখন বুঝতে পেরেছি যে তারা অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে। আরও পড়ুন: ‘মায়ের সমান’ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার বার্তায় পালিত হলো ‘সুন্দরবন দিবস’ যে চিড়িয়াখানায় বাঘগুলোর মৃত্যু হয়েছে সেটির নাম টাইগার কিংডম। চিড়িয়াখানটি এখন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। চিড়িয়াখানাটির ওয়েবসাইটে দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শ করার এবং বড় এই বন্য প্রাণীগুলোর সঙ্গে ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেয়া হয়েছে। প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া বার্তা সংস্তা এএফপিকে জানিয়েছে, এই বাঘগুলো দুর্দশা, বন্দিত্ব ও ভয়ের মধ্যে যেভাবে বেঁচে ছিল সেভাবেই তাদের মৃত্যু হয়েছে।