মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি প্রফেশনালদের সংগঠন মালয়েশিয়া-বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি তারিকুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের আধ্যাত্মিক পরিবেশে এ মাহফিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করে। এই দুই তাৎপর্যকে একসূত্রে গেঁথে আয়োজনটি প্রবাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা। তিনি বলেন, প্রবাসে থেকেও জাতীয় চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে সমানভাবে ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাংলাদেশের গর্ব নয়, এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। তিনি এমবিএফএ’র এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান। তিনি প্রবাসী শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। এমবিএফএ’র মেম্বার প্রকৌশলী প্রণয় কুমার চৌধুরী একুশের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দোয়া ও মোনাজাত পর্ব। মোনাজাত পরিচালনা করেন এমবিএফএ’র প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর মোহাম্মদ আবুল বাশার। তিনি দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমবিএফএ’র হেড অব মেম্বারশিপ অ্যান্ড ওয়েলফেয়ার ইঞ্জিনিয়ার মাহফুজ কায়সার অপু। সংগঠনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এমবিএফএ সবসময় প্রবাসীদের কল্যাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এমন গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে। দোয়া শেষে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রবাসীরা একসঙ্গে ইফতার করেন। সব মিলিয়ে রমজানের পবিত্রতা ও ভাষা দিবসের চেতনাকে একত্রিত করে এমবিএফএ’র এই আয়োজন প্রবাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমআরএম/জেআইএম