আগের ম্যাচে বার্সেলোনা হেরেছিল জিরোনার কাছে। ফলে শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু সেই স্বস্তি আর ধরে রাখতে পারলো না লজ ব্লাঙ্কোজরা। ওসাসুনার মাঠে গিয়ে নাটকীয়ভাবে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। যার ফলে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান কঠিন করে তুলল আলভারো আরবেলোয়ার দল। এস্তাদিও এল সাদারে শুরু থেকেই লড়াই জমে ওঠে। শুরুতেই গোল করে এগিয়ে যায় ওসাসুনা। ম্যাচের ৩৯ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় ওসাসুনা। গোলরক্ষক থিবো কুর্তোয়া বক্সের ভেতরে আন্তে বুদিমিরের পায়ে আঘাত করলে রেফারি স্পট কিকের নির্দেশ দেন। নিজেই পেনাল্টি থেকে গোল করে ওসাসুনাকে এগিয়ে দেন বুদিমির। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ ঘিরে আলোচিত সপ্তাহ কাটিয়ে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল পায়নি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে সেই ভিনিসিয়ুসের গোলেই ম্যাচে ফেরে তারা। ৭৩ মিনিটে ফেদেরিকো ভালভের্দের ক্রস থেকে ছয় গজ বক্সে বল পেয়ে কাছ থেকে ওসাসুনার জালে পাঠান ভিনিসিয়ুস। ম্যাচে সমতা ফেরে ১-১ গোলে। এর আগে ৭০তম মিনিটে কিলিয়ান এমবাপে দারুণ এক শটে জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে ও দ্বিতীয়ার্ধের শুরুতে আরদা গুলের ও অরেলিয়ান চুয়ামেনির শটও প্রতিহত করেন ওসাসুনা গোলরক্ষক সার্জিও এরেরা। ম্যাচজুড়ে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে ভরসা দেন। রুবেন গার্সিয়ার ক্রস ডিফ্লেকশন হয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলে তিনি রিফ্লেক্স সেভ করেন। বুদিমিরের হেডও ঠেকান দারুণ দক্ষতায়। তবে স্টপেজ টাইমে সব হিসাব বদলে যায়। বাম দিক দিয়ে রিয়ালের বক্সে ঢুকে পড়েন রাউল গার্সিয়া। ডিফেন্ডার রাউল আসেনসিওকে কাটিয়ে দূরের কোণে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনায় গোল বৈধ ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ঘরের সমর্থকেরা। এই হারের পরও ২৫ ম্যাচে ৬০ পযেন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ টেবিলের শীর্ষে থাকলেও, সেটা হয়তো ধরে রাখতে পারবে না তারা। কারণ তাদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান মাত্র দুই পয়েন্টের। রোববার লেভান্তের বিপক্ষে জয় পেলে ফের রিয়ালকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করতে পারবে বার্সেলোনা। ওসাসুনার জন্য এটি স্মরণীয় জয়, আর রিয়ালের জন্য শিরোপা দৌড়ে বড় সতর্কবার্তা। লা লিগা এখন নতুন করে জমে উঠেছে। আইএইচএস/