অনিবন্ধিত ফোন ঠেকাতে চালু হওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের টেস্ট রান পরিচালনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে করে দুপুর বারোটা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা হলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।রোববার (২২ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (অ্যামটব) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পরিচালিত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রান অনুষ্ঠিত হবে। এ সময় ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা হলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। আরও পড়ুন: ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির এই পরীক্ষামূলক কার্যক্রমের ফলে সীমিত সংখ্যক ব্যবহারকারী সাময়িকভাবে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে পরীক্ষার সময় শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে। একইসঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে অ্যামটব। এর আগে গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হয়েছে জাতীয় ডাটাবেজে।