মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্ক আর অস্থিরতা নিয়েই এখন বেশি আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য, টুর্নামেন্ট কমিটিতে হস্তক্ষেপের অভিযোগ এবং বর্তমান বোর্ড পর্ষদের ভবিষ্যৎ- সব মিলিয়ে এক জটিল সময় পার করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংকটময় পরিস্থিতিতে আজ (রোববার) দুপুরে জরুরি এক সভায় বসছেন বিসিবির পরিচালকরা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন আমিনুল হক। যার সঙ্গে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের খুব একটা ভালো সম্পর্ক নেই। মন্ত্রী হওয়ার আগে বিসিবির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা আমিনুল পরেও সেই অবস্থান ধরে রেখেছেন। তবে তিনি আলোচনায় বসার কথা বলেন শপথ নেওয়ার দিনেই। ফলে সবমিলিয়ে আমিনুল প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমান বোর্ডের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। এর মধ্যে বিসিবি ও আমিনুল হকের আজ সভায় বসার কথা ছিল। কিন্তু গতকাল সেটি বাতিল করেন আমিনুল, কারণ হিসেবে দেখান মন্ত্রনালয়ে কাজের ব্যস্ততা। এরপর আগামীকালের বোর্ড মিটিং এগিয়ে আজ নিয়ে আসে বিসিবি। আজ (রোববার) দুপুর ১টায় ভার্চুয়ালি (জুম মিটিং) এই সভা অনুষ্ঠিত হবে। বর্তমানে ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখান থেকেই সভায় সভাপতিত্ব করবেন। সভাপতির এই বিদেশ সফর নিয়েও গত কয়েকদিনে নানা গুঞ্জন ডালপালা মেলেছে। তবে সব ছাপিয়ে আজকের সভার মূল এজেন্ডা হিসেবে থাকছে আসন্ন নারী বিপিএলের ভাগ্য নির্ধারণ এবং নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টি। গাজী আশরাফ হোসেন লিপুর বিদায় নিশ্চিত হওয়ার পর প্রধান নির্বাচকের পদটি এখন শূন্য হওয়ার অপেক্ষায়। অন্যদিকে, জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাম্প্রতিক এক মন্তব্য বিসিবিকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নিয়ে ক্রিকেটারদের চরম হতাশার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, গত আসরের সময় দুজন ক্রিকেটার নাকি কোমায় চলে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছিলেন। এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ্যে আসায় বোর্ডের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া বিসিবি পরিচালক আসিফ আকবরকে নিয়েও বোর্ডে নানা অস্বস্তি আছে। একের পর এক উদ্ভট মন্তব্য করেই যাচ্ছেন তিনি। বোর্ডের বেশ কয়েকজন পরিচালক তার প্রতি ক্ষুব্ধ। এসকেডি/আইএইচএস/