টরন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে গৌরবোজ্জ্বল শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে অবস্থিত ভাষা শহিদ স্মৃতিস্তম্ভে কনস্যাল জেনারেল মো. শাহ আলম খোকনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় বাংলাদেশি ডায়াসপোরা ও কানাডার স্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সকালে বাংলাদেশ হাউসে মিশনের সদস্যদের উপস্থিতিতে কনস্যাল জেনারেল জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরবর্তীতে কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদদের স্মরণে এক মিনিট নীরব প্রার্থনার মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আরও পড়ুন: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বক্তারা মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. তাজ হাসিম, বিশিষ্ট প্রবাসী রেজাউল করিম তালুকদার ও মুজিবুর রহমানসহ আরও অনেকে। সমাপনী বক্তব্যে কনস্যাল জেনারেল মো. শাহ আলম খোকন ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্তর্জাতিক পরিসরে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং টরেন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।