হ্যারি কেনের দুর্দান্ত জোড়া গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জার্মান বুন্দেসলিগার জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সে সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শেষদিকে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তোলে ভিনসেন্ট কোম্পানির দল। ২৩ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার টেবিলে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয়স্থানে বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫২। আইনট্রাখট ফ্রাংফুর্টের পয়েন্ট ২৩ ম্যাচে ৩১। রয়েছে ৭ম স্থানে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ১৬তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কাওয়া সান্তোসের কোনো সুযোগ ছিল না। লিড নেওয়ার মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। আরেকটি কর্নার থেকে ইয়োসিপ স্টানিসিচের হেডে বল পেয়ে কাছ থেকে নিখুঁত হেডে জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচের আগে ক্লাব ও দেশের হয়ে ৫০০ গোল পূর্তির স্মারক পেয়েছিলেন কেন, আর এই গোলটি ছিল তার ক্যারিয়ারের ৫০১তম। প্রথমার্ধে ফ্রাঙ্কফুর্ট তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তারা একটিও শট অন টার্গেটে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য কিছুটা আক্রমণে ওঠে সফরকারীরা, তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতেই। ৬৮তম মিনিটে ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে দেন কেইন। জশুয়া কিমিচের পাস থেকে বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৪৫-এ, যা তার দুর্দান্ত ফর্মেরই প্রমাণ। তবে ম্যাচের শেষদিকে নাটকীয়তা বাড়ে। নিজেদের পেনাল্টি বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টি দেয় রেফারি। সেই স্পট-কিক থেকে একটি গোল শোধ করেন জোনাথন বুরকার্ট। এরপর নির্ধারিত সময়ের চার মিনিট আগে আর্নো কালিমুয়েন্ডো আরেকটি গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। শেষ মুহূর্তে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় ফ্রাঙ্কফুর্ট; কিন্তু বায়ার্নের রক্ষণভাগ দৃঢ়তা দেখালে আর গোল হজম করতে হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। গত মাসে অগসবার্গের বিপক্ষে মৌসুমের প্রথম লিগ হারার পর টানা জয়ের ধারায় রয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের মাধ্যমে তারা বুন্দেসলিগার শীর্ষস্থান আরও শক্ত করেছে এবং শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে রেখেছে। হ্যারি কেইনের ধারাবাহিক গোলই এখন বাভারিয়ানদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। আইএইচএস/