মাদারীপুর আধিপত্য বিস্তারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, চার ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। টর্চ লাইট জ্বালিয়ে চলা এই সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ সংঘর্ষ চলে। হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে প্রায়ই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এর ধারাবাহিকতায় শনিবার রাতেও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা টানা চার ঘণ্টা চলে। আরও পড়ুন: মাদারীপুরে বাড়ছেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে অন্তত দুইজন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়ায়।