বয়কট বিতর্কে বহুল আলোচিত ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটি শেষ পর্যন্ত একপেশেভাবে শেষ হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের হারের লজ্জায় ডুবতে হয়েছে পাকিস্তানকে। এই ফলাফলের পর অধিনায়ক সালমান আলী আগা ও তার দলকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল ‘চাপের মধ্যে আটকে’ গিয়েছিল। আখতার বলেন, পাকিস্তান বারবার ভারতের বিপক্ষে গিয়ে অকারণে চাপে পড়ে যাচ্ছে।ট্যাপম্যাডে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমরা শুধু ভারতের কাছেই হারছি, কারণ আমরা চাপে পড়ে যাই। এর বাইরে আর কোনো কারণ নেই। আমাদের দল নির্বাচন ঠিক হচ্ছে না। আমরা আসলে কী করছি, সেটাই বুঝতে পারছি না। না হলে এই দল এখন বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।'এদিকে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সুপার এইটের উদ্বোধনী ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ম্যাচটির একটি বলও মাঠে গড়াতে পারেনি। টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরুই করা যায়নি, ফলে দুই দলকে এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে।পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরপরই হালকা বৃষ্টি শুরু হয়। দ্রুত মাঠে কভার আনা হয় এবং পিচের চারপাশে পানি জমে যায়, ফলে খেলার অনুপযোগী হয়ে পড়ে। ম্যাচ অফিসিয়ালরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।আরও পড়ুন: বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, কথাবার্তা বুঝে বলা উচিত: আসিফের মন্তব্য নিয়ে ফাহিমআইসিসির নিয়ম অনুযায়ী ফলাফল পেতে হলে প্রতি ইনিংসে ন্যূনতম পাঁচ ওভার খেলা বাধ্যতামূলক। সংক্ষিপ্ত ম্যাচের জন্য কাট-অফ সময় ছিল রাত ১১টা ১০ মিনিট, কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। সুপার এইটে কোনো রিজার্ভ ডে নেই, শুধু সেমিফাইনাল ও ফাইনালের জন্য তা রাখা আছে।আগেই আবহাওয়ার পূর্বাভাসে সতর্কবার্তা ছিল। কলম্বোতে সন্ধ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। বৃষ্টির কারণে পাকিস্তানের আগের দিনের অনুশীলনও বাতিল হয়েছিল। শনিবারের আবহাওয়া সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণ করে।এই পরিত্যক্ত ম্যাচের ফলে গ্রুপ ২-এ দুই দলই এক পয়েন্ট করে পায়, যা সেমিফাইনালে ওঠার পথে জটিলতা তৈরি করতে পারে। এই গ্রুপে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাও রয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে।পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনে খাওয়াজা নাফায়ের বদলে ফখর জামানকে অন্তর্ভুক্ত করেছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে ছিল তিনটি পরিবর্তন। কানাডার বিপক্ষে পেটের সমস্যার কারণে না খেলা অধিনায়ক মিচেল স্যান্টনার দলে ফেরেন, সঙ্গে লকি ফার্গুসন ও ইশ সোদিও ফেরেন দলের বোলিং আক্রমণের শক্তি বাড়াতে।এখন দুই দলই পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছে। পাকিস্তান ২৪ ও ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে। নিউজিল্যান্ড ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এবং ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সঙ্গে লড়বে। বৃষ্টির কারণে সুপার এইটসের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি, যা সমর্থক ও খেলোয়াড়—উভয়ের জন্যই হতাশাজনক ছিল।