ভারতের রাজস্থানের একটি গ্রামে একইদিনে দুই বোনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, দুই মেয়ের বিয়ের আনন্দঘন প্রস্তুতিতে ব্যস্ত একটি পরিবারে মুহূর্তেই নেমে এসেছে শোকের ছায়া। ওই দুই বোন বিষাক্ত কোনো পদার্থ সেবন করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোভা (২৫) ও বিমলা (২৩)-র বিয়ে হওয়ার কথা ছিল শনিবার (২১ ফেব্রুয়ারি)। এর আগের রাত পর্যন্ত তাদের বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি ও উদ্যাপন। ওই রাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা দুই বোনকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত জোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। এডিসিপি (পশ্চিম) রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। আরও পড়ুন: ভারতে ‘কালোজাদুর’ অভিযোগে নারী ও তার শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা তিনি বলেন, ‘ভোর প্রায় ৪টার দিকে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়।’ তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্যের প্রস্তুতি থামিয়ে দেয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে দুই বোনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে কোনো ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়নি বলেও জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি