প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এলো সিনেমার ঘোষণা

‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’র মতো প্রশংসিত সিনেমা তিনি বানিয়েছেন। প্রতিটি সিনেমাই মূলত দেশাত্মবোধ গল্পের। এখন ব্যস্ত সময় পার করছেন তিনি নতুন সিনেমার প্রস্তুতি নিতে। বলছি খিজির হায়াত খানের কথা। এবার তিনি আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আজ (২২ ফেব্রুয়ারি) রোববার নির্মাতা খিজির নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলেন আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ হলো। আশা করি সিনেমাটি যখন নির্মাণ শেষ করতে পারবো তখন দেশের মানুষকে দেখাতে কোনো বাঁধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচারটা শুধু দেখতে চাই আর তাদের উপর হওয়া অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই। ধন্যবাদ।’খিজির হায়াত খানের স্ট্যাটাসতবে ছবিটির বিস্তারিত কিছু জানাননি তিনি। কারা এতে অভিনয় করবেন সেসব জানতে তাই অপেক্ষা করতেই হচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডই পিলখানা হত্যাকাণ্ড বলে পরিচিত। ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সেসময় সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ২০২৩ সালেই খিজির ঘোষণা দিয়েছিলেন পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে ‘সাম্রাজ্য’ নির্মাণের। যার ট্যাগলাইন ছিলো, ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’। তবে পরবর্তীতে সেই সিনেমার আর আপডেট পাওয়া যায়নি। এরইমধ্যে তিনি আভাস দিলেন, ‘সাম্রাজ্য’ নয়; আপাতত তিনি পিলখানার করুণ সেই হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণে মনযোগী।   এমআই/এলআইএ