নারায়ণগঞ্জে কৃষিজমি থেকে ইটভাটায় মাটি নিতে বাধা, সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষিজমি থেকে ইটভাটায় মাটি নেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে মাটি ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার পরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কাজহরদী ও পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে। ইট ভাটার চাহিদা মেটাতে প্রায় প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে ভেকু দিয়ে আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যায়। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পাশের জমির পাড় ভেঙে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। এক্ষেত্রে কিছু জমির মালিকদের থেকে মাটি ক্রয় করে নেওয়া হলেও অধিকাংশ সময়ে জোরপূর্বক মাটি কেটে নেওয়া হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। অন্যান্য সময়ের মতো শনিবার মাটি কাটার সময় স্থানীয়রা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত কবির নামের এক যুবকের অভিযোগ, হানিফ, মহাসিন, শারজাহান ও শানুর নামকদের নেতৃত্বে সশস্ত্র লোকজন তাদের ওপর হামলা চালায়। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের তীর উঠা শারজাহান বলেন, প্রথমে গ্রামবাসী তাদের মোটরসাইকেল ও ভেকু ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যের জন্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহর মুঠোফোনে ফোন করা হলে অন্য আরেক অফিসার কলটি রিসিভ করে ওসি নেই বলে জানান। মো. আকাশ/আরএইচ/এমএস