রাজধানীর নিউমার্কেট ও লালবাগ থেকে এক তরুণীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন: খাদিজা আক্তার (২৩) ও চুন্নু সরদার (৫০)।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর হাজীবাড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে খাদিজা। বর্তমানে থাকতেন নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ওয়াজ উদ্দিন টাওয়ারে। আর বরিশালের মুলাদী উপজেলার বাইলাতলী গ্রামের মৃত আদালুদ্দিনের ছেলে চুন্নু সরদার। থাকতেন লালবাগ শহীদনগর ২ নম্বর গলিতে। আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার সুরতহাল প্রতিবেদনে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর উল্লেখ করেন, ওয়াজ উদ্দিন টাওয়ারে ১৪-ডি নম্বর ফ্ল্যাটে গত ৬ থেকে ৭ মাস ধরে স্বামী সাকিনের সঙ্গে থাকতেন চাকরিজীবী খাদিজা। তিনি প্রায় সময়ই স্বামীকে বলতেন, তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে। কিন্তু নিয়ে যেতেন না সাকিন। এটি নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হত। সাকিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খাদিজাকে বাসায় রেখে একাই বাড়িতে চলে যান। পরবর্তীকালে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে শনিবার রাত ৮টার দিকে ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আরও পড়ুন: ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অপরদিকে, সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন উল্লেখ করেন, চুন্নু একটি জুতার কারখানায় চাকরি করতেন। রোববার সকালে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। অভাব-অনটনের কারণে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।