২০২৫ সালে বাংলাদেশিদের জন্য সাড়ে ৭ লাখ কাজের ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয় এবং ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়া ঐতিহাসিক সফরও করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং মুসলিম উম্মাহজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া, তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি জিয়ার অনুরোধে ১৯৭৯ সালে প্রায় ২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের জন্য সৌদি আরবের সহায়তার কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি মানবিক সহায়তার প্রশংসা করে মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসনের জন্য সমর্থনের আহ্বান জানান। রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে বিস্তৃত সম্পর্কের দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তিনি জানান, সৌদি আরবে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ রয়েছে। সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জেপিআই/একিউএফ