ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের মেয়েরা শুরুটা করেছিল দারুণ। তবে ফাইনালে ভারতের বিপক্ষে আর পেরে ওঠেনি টাইগ্রেসরা, ৪৬ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। রোববার (২২ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে ৫ বল বাকি থাকতে ৮৮ রানে অলআউট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।ব্যাংককে আজ ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দার ব্যাটে ভালো শুরু পায় তারা। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ৩০ রানে বৃন্দা দীনেশ আউট হলে ভাঙে এই জুটি।  আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘চাপে আটকে’ যাচ্ছে পাকিস্তান: শোয়েব আখতার পরের ওভারের প্রথম দুই বলেই দুটি উইকেট হারায় ভারত। ১৫ বলে ৮ রান করা নন্নিনি কাটা পড়েন রানআউটে। পরের বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন মিন্নু মানি।  এরপর দলের হাল ধরেন তেজাল হাসাবনিস। রাধা যাদবকে সঙ্গে নিয়ে ৫০ বলে গড়েন ৬৯ রানের জুটি। ৩০ বলে ৩৬ রান করে রাধা ফিরলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলেছেন হাসাবনিস। শেষ পর্যন্ত ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন শিকার করেন ৪ উইকেট। এছাড়া ফাতেমা জাহান সোনিয়া ও ফারজানা ইয়াসমিন নেন একটি করে উইকেট।  আরও পড়ুন: সুপার এইটের গ্রুপিং নিয়ে সমালোচনায় আইসিসির হয়ে ব্যাট চালালেন গাভাস্কার জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ১২ রানে ইশমা তানজিমের উইকেট হারায় তারা। এরপর ব্যাট হাতে আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শামীমা সুলতানা ১৬ বলে ২০, শারমিন সুলতানা ২৯ বলে ১৮, সাদিয়া আক্তার ১৫ বলে ১০ ও ফাহিমা খাতুন ১১ বলে ১৪ রান করেন। এছাড়া বাকি ব্যাটারদের আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ পর্যন্ত একশ’র আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।