বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া-এর রূহের মাগফেরাত কামনা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলামসহ চিকিৎসক ও ছাত্রদল নেতারা। আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. রফিক সভাপতির বক্তব্যে ডা. আউয়াল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুহুল কবির রিজভী দীর্ঘ ৭৮৭ দিন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রিজভী আপসহীন ভূমিকা পালন করেছেন। নির্বাচনে দলকে বিজয়ী করতে নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলে গত ১০ ফেব্রুয়ারি তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন। দোয়া মাহফিল থেকে রুহুল কবির রিজভীর পূর্ণ সুস্থতা এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।