বেগমগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এক প্রতিবন্ধী অটোরিকশা চালককে হত্যা করে ধানখেতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ির পেছনের একটি ধানখেত থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল আহাদ (২৪) ওই ইউনিয়নের নুরুল আলমের ছেলে। আহাদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। জানা গেছে, রোববার দুপুরে মুন্সী বাড়ির পেছনের ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা কাছে গিয়ে লাশটি নিখোঁজ অটোরিকশা চালক আহাদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন শত শত মানুষ। এ সময় আহাদের ব্যবহৃত অটোরিকশাটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার মুখ ও গলায় টেপ প্যাঁচানো অবস্থায় ছিল।​আরও পড়ুন: এনসিপির কেউ এমপি হিসেবে শপথ নেবে না: হান্নান মাসউদস্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মানিক বলেন, ‘দুপুরের দিকে এলাকাবাসী ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে আহাদকে মৃত অবস্থায় পাই। তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে যাওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।’​এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, "খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিমসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার কারণ ও নেপথ্যে কারা রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।"