বুন্দেসলিগার ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেলেও বড় একটা ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আলফুঁস ডেভিস। আর তাতেই দুশ্চিন্তায় পড়েছে দলটি। তবে শুধু বায়ার্ন মিউনিখই নয়, তার বারবার চোটে পড়ায় দুশ্চিন্তা বেড়েছে কানাডারও।আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বুন্দেসলিগার ম্যাচে পাভলোভিজের গোলে শুরুতে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। পরে দুই অর্ধে দুটি গোল করে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। তবে শেষ দিকে দুটি গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ফ্রাঙ্কফুর্ট। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় বাভারিয়ানরা। আরও পড়ুন: ৩০ পেরিয়ে ৫০০ গোল রোনালদোর, দারুণ জয়ে শীর্ষে আল নাসর দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পান ডেভিস। মাঠেই তাকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। পরে ৫০তম মিনিটে তাকে তুলে আরেক ডিফেন্ডার হিরোকি ইতোকে নামান বায়ার্ন কোচ। পরে এক বিবৃতিতে ডেভিসের ডান হ্যামস্ট্রিংয়ের চোটের বিষয়টি নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ডেভিস। গত ডিসেম্বরে মাঠে ফেরেন তিনি। তবে আবারও চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন ডেভিস। ধারণা করা হচ্ছে, এবারও হয়তো দীর্ঘদিনের জন্য তাকে থাকতে হতে পারে মাঠের বাইরে। আরও পড়ুন: বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের বিবৃতিতে তার মাঠে ফেরার সম্ভাব্য কোনো সময়ের কথা জানায়নি বায়ার্ন। তবে বায়ার্ন কোচ ভেসোঁ কম্পানির আশা, দুই থেকে চার সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন ডেভিস। ‘এটা (চোটের অবস্থা) খুব খারাপ কিছু মনে হয়নি। জানি না, তার ফিরতে দুই থেকে চার সপ্তাহ লাগবে কিনা। আমার মন বলছে, খুব বেশি সময় লাগবে না।’ আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। তবে বিশ্বকাপের মৌসুমে ডেভিসের এমন বারবার চোটে পড়া কানাডার জন্যও বেশ দুশ্চিন্তার।