মাগুরায় দুর্নীতি-চাঁদাবাজদের স্থান নেই: এমপি মনোয়ার হোসেন

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। এ জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের স্থান নেই। যারা দুর্নীতি ও চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মনোয়ার হোসেন খান বলেন, ‌‘জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নে কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি যেন পরিচ্ছন্ন মাগুরা হিসেবে গড়ে তুলতে পারি।’ তিনি আরও বলেন, ‘বাজারে কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না।’ সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান মনোয়ার হোসেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ধরনের হামলা বা সহিংসতার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ, শরীফ স্বাধীন প্রমুখ। মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এমএস