মারা গেলেন গ্র্যামি মনোনীত, ল্যাটিন সংগীতের উজ্জ্বল নক্ষত্র সংগীতশিল্পী উইলি কোলন। আমেরিকার নিউইয়র্কের সালসা সংগীতের অগ্রদূত ছিলেন ৭৫ বছর বয়সী এ কিংবদন্তি।মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উইলি কোলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শিল্পীর পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, স্বজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন তিনি। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। ১৯৫০ সালে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন কোলন। সুর আর সংগীতের প্রতি টান থাকায় মাত্র ১৬ বছর বয়সে ‘এল মালো’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে সংগীত জগতে পা রাখেন। তার গান ল্যাটিন সংগীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়। ১৯৬৯ সালে প্রকাশিত তার ‘চে চে কোলি’ সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। সংগীতের বাইরে সমাজ সেবা ও নিউইয়র্কের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এছাড়া টেলিভিশন ধারাবাহিক মিয়ামি ভাইস এবং চলচ্চিত্র দ্য লাস্ট ফাইট-এ অভিনয় করেও আলোচনায় আসেন কোলন। গায়কের পাশাপাশি তিনি একাধারে ট্রম্বোনিস্ট, কম্পোজার, প্রযোজক এবং বাদ্যযন্ত্র বাদক ছিলেন। আরও পড়ুন: ভারতে আসছেন শাকিরা, অনুষ্ঠান কবে? ক্যারিয়ারে ৪০টিরও বেশি অ্যালবাম রয়েছে কোলনের। যেগুলো বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। আটবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পীর প্রাপ্তির ঝুলিতে রয়েছে একাধিক প্লাটিনাম ও গোল্ড রেকর্ড। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আরও পড়ুন: সুরের আবেশে আজও অমলিন সন্ধ্যা মুখোপাধ্যায়