জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সংবাদে বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার সময় তার লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাকে। গত বছরের আগস্টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, ওই সময় মেহজাবীনের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে। ঘটনার সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। কয়েক মাস পর বিষয়টি গণমাধ্যমে আসায় নতুন করে আলোচনায় আসে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেহজাবীন স্পষ্ট করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।” অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর কারণে নারী শিল্পীরা প্রায়ই সম্মানহানির মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, “এটি একেবারেই কাম্য নয়। নারীরাই সহজ টার্গেট। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।” আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে একসঙ্গে কী করছেন কাজী মারুফ-জায়েদ খান নায়ক-নায়িকার পর মারা গেলেন এবার নির্মাতাও মেহজাবীনের এই পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, তিনি চান তার কাজ এবং প্রতিভা নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকুন, অনর্থ ও মিথ্যা গুঞ্জনের কারণে নয়। এমএমএফ