বরগুনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম (১২) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে বরগুনা-বেতাগী সড়কের ছোট গৌরীচন্না মীর মহল গলাচিপা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।রোববার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় পরিবারের আদরের সন্তানকে হারিয়ে এখনো স্বাভাবিক হতে পারছেন না বাবা-মা। মূর্ছা যাচ্ছেন বার বার। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তারা, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এটিই চাওয়া তাদের। নিহত মরিয়ম বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলা গ্রামের নাসির ঘরামীর মেয়ে। মরিয়ম বেতাগী উপজেলার ৭৬নং বকুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ছোট গৌরীচন্না মীর মহল গলাচিপা নামক এলাকায় সড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিল মরিয়ম। এসময় বেতাগী থেকে বরগুনাগামী তানজিল পরিবহনের একটি বাস মরিয়মকে ধাক্কা দেয়। এতে মরিয়ম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মরিয়মের বাবা নাসির ঘরামী বলেন, মেয়েকে তো আর জীবিত পাবো না। এই শোক কাটিয়ে উঠবো কী করে তা বুঝতে পারছি না। তবে আমার মতো যেন আর কোনো বাবা সন্তান হারা না হয় এই দিকটিই এখন চাওয়া। সড়ক যেন আর কারো প্রাণ কেড়ে না নেয়। আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরিয়মের মরদেহ হস্তান্তর করা হয়েছে।