হংকং-ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড উত্তরা ইপিজেডে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। উত্তরা ইপিজেডে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি সই করেছে। এ খাতে প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এর মাধ্যমে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেপজা কমপ্লেক্সে এ চুক্তি সই হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তিসই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিষ্ঠানটি বছরে ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস যথা বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সব ধরনের জার্সি উৎপাদন করবে। কারখানাটি ২৪ হাজার বর্গমিটার জায়গায় নির্মিত হবে এবং এর উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রপ্তানি করা হবে। আরও পড়ুনক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুর লিটারে প্রায় ১৬ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের গুরূত্ব দিতে বিশেষভাবে অঙ্গীকারাবদ্ধ। তিনি আরও বলেন, আগের তুলনায় আরও দক্ষ, আধুনিক ও বিনিয়োগকারী-সহায়ক সেবা দিতে বেপজা দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি, দেশের রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশীয় শিল্পখাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান। এসময় জি ঝেনিউ বেপজার বিনিয়োগ-বান্ধব নীতির প্রতি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা। কেএসআর/