সুপেয় পানির দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সুপেয় পানির দাবিতে হাড়দ্দহা গ্রামের পিএসএফ ফিল্ডারের পাশে দীঘিরপাড়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসী।রোববার (২২ ফেব্রুয়ারি) এ মানববন্ধন করে তারা। তাদের অভিযোগ মৎস্যঘেরের গভীরতা বাড়ানোয় লোনাপানি ঢুকে পড়লে সুপেয় পানির সংকট হতে পারে। এঘটনায় পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, হাড়দ্দহা গ্রামের  সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসী সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহার করে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো। সম্প্রতি একটি মহল পুকুরের পাড়ে মাটি ভরাট করতে যাওয়ায় কাঁটাতার ও সীমানা পিলার ভেঙে গাছ গাছালি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভেকু মেশিন দিয়ে পুকুরপাড়ের বিভিন্ন গাছপালা কেটে ফেলারও অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বসন্তপুর এলাকার বাসিন্দা সাদিকুর বিশ্বাসসহ কয়েকজন ব্যক্তি এ কাজে জড়িত। স্থানীয়রা বাঁধা দিলে তাদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করে এলাকাবাসী। আরও পড়ুন: গভীর নলকূপেও উঠছে না পানি, ঝালকাঠিতে সুপেয় পানির তীব্র সংকট এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সরকারি সম্পত্তি ও সুপেয় পানির উৎস রক্ষায় অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দরকার। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও পড়ুন: পিরোজপুরে অধিকাংশ বিদ্যালয়ে নেই সুপেয় পানি, বেহাল দশা স্যানিটেশনে সরকারি পুকুর রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।