লক্ষ্য হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের লক্ষ্য হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করা। এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। রোববার (২২ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করে যাবো। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে  জনগণের প্রত্যাশা অনেক বেশি।’ ‘হাজার বছর আগে এ পৃথিবীতে যারা এসেছিলেন তারা পৃথিবীটাকে আমাদের জন্য সুন্দর করে রেখে গেছেন বলেই আমরা উপভোগ করতে পারছি। আমাদের প্রত্যেক মানুষের বড় দায়িত্ব হলো আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া জন্য কাজ করা। আমরা নিজেদের সেই কাজে নিয়োজিত করেছি,’ যোগ করেন তিনি। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতা চান। আমিন উর রশীদ বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আমাদের এবারের লক্ষ্য হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করা। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের কমবেশি ৭০ ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যদি আমরা শক্ত করতে পারি তাহলে বাকি ৩০ ভাগ মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড এমনিতেই শক্ত হয়ে যাবে। অর্থ, উন্নয়ন ও অগ্রগতির চূড়ান্ত হিসাব শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তার মধ্যেই নিহিত। মানুষ যত অর্থ-সম্পদই অর্জন করুক না কেন, ক্ষুধা নিবারণই জীবনের মৌলিক সত্য। খাদ্য, মৎস্য, মাংস ও ডিম উৎপাদনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’ পরিচিতি সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও খাদ্য সচিব মো. ফিরোজ সরকার। প্রতিমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। মানুষ এখন আর বৈষম্য দেখতে চায় না। কোনো অনিয়ম-দুর্নীতি দেখতে চায় না। মানুষ চায় বাংলাদেশটা একটি সুন্দর ট্রাকে চলুক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সবার উচিত তার এ কাজে সহযোগিতা করা। এজন্য একটি ভালো টিম ওয়ার্ক দরকার।’ খাদ্য সচিব জানান, সরকারের নেওয়া কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে। এনএইচ/একিউএফ