শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সমস্যার প্রেক্ষিতে ঋণ পুনঃতফসিল সুবিধা গ্রহণের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়, এর আগে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-২৭ (৭ জুলাই ২০২২) এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-২১ (১৩ অক্টোবর ২০২৫)-এর আলোকে কাঁচাপাট রফতানিকারকদের ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলিকরণের সুযোগ দেয়া হয়েছিল। সংশ্লিষ্ট সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বিদ্যমান ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা ছিল। তবে সম্প্রতি কাঁচাপাট রফতানিতে জটিলতা, আন্তর্জাতিক বাজারে চাহিদার ওঠানামা, মূল্য অস্থিরতা এবং লজিস্টিক সমস্যার কারণে অনেক রফতনিকারক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট পরিশোধ ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি। ফলে তারা পুনঃতফসিল সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন। আরও পড়ুন: শর্তের তালিকায় কাঁচাপাট রফতানি, বিপাকে খুলনার ব্যবসায়ী-শ্রমিক এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কাঁচাপাট রফতানিকারকরা এখন ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভিত্তিক শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের কাছে পুনঃতফসিলের আবেদন করতে পারবেন।