ইন্টারকন্টিনেন্টালে ইফতারির রাজকীয় আয়োজন, জিলাপির কেজি আড়াই হাজার

হোটেল ইন্টারকন্টিনেন্টালে থেকে এক কেজি জিলাপি কিনতে এবার খরচ করতে হবে ২ হাজার ৫০০ টাকা। আর হোটেলটিতে ইফতারের বক্স বিক্রি হচ্ছে ৬ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকায়। এসব বক্সে ২ থেকে সর্বোচ্চ ৪ জন ইফতার করা যায়। আর ২৫০টির বেশি আইটেমের বুফে ইফতার করতে খরচ হবে জনপ্রতি ১০ হাজার ৫০০ টাকা। তবে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে নানা অফার রয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ জামশেদ জাগো নিউজকে বলেন, রজমান উপলক্ষে এবার বিশেষ বুফে ইফতারের আয়োজন করেছি। বুফেতে ২৫০ এর বেশি আইটেম রয়েছে। এখানে ইফতার করতে খরচ হবে ১০ হাজার ৫০০ টাকা। তবে বেশ কিছু ব্যংকের ক্রেডিট কার্ডে বাই ওয়ান গেট থ্রি ও বাই ওয়ান গেট টু ওফার রয়েছে। তিনি বলেন, অফার নেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্রেডিট কার্ড থাকা বাধ্যতামূলক। সাধারণ গেস্ট খাবার শেষে পে করে যেতে পারবে। আগে থেকে বুকিং করলে যে কোনো সময়ে আসা যাবে, সিট থাকা সাপেক্ষে। বক্স অর্ডারের জন্য দুপুর ২টার মধ্যে অর্ডার দিতে হবে। আগ্রহী হলে আগে থেকে রিজার্ভ করতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গতবারের মতো এবার সোনার জিলাপি নেই। তবে বুফেতে নতুন আইটেম যোগ করা হয়েছে। কাচ্চি ইন-হাউজ বানানো হয়। নতুন মেন্যুতে হোল রোস্টেড ল্যাম্ব এবং অন্যান্য সুস্বাদু আইটেম যোগ করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, রমজান উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ বুফে চালু করা হয়েছে। এতে ২৫০টিরও বেশি আইটেমে খরচ পড়বে ১০ হাজার ৫০০ টাকা। তবে বিভিন্ন কার্ডে ছাড় রয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, বুফেতে হোল রোস্টেড ল্যাম্ব বা গোট সার্ভ করা হবে। এর সঙ্গে ওরিয়েন্টাল রাইস থাকবে। কাবাব, ঢাকাইয়া ও বাংলাদেশি ভাজাপোড়া আইটেমও রয়েছে। শেফরা হাইজিন মেনে খাবার তৈরি করবেন। ফিউশন মেনুতে ইউরোপিয়ান খাবার বাংলাদেশের স্বাদে পরিবেশন করা হবে। কন্টিনেন্টাল, মেডিটেরেনিয়ান, মিডল ইস্টার্ন, আফ্রিকান, ইন্ডিয়ান ও চাইনিজ মেনু রয়েছে। শেফদের নিজস্ব ক্রিয়েটিভ আইটেমও থাকবে। কর্তৃপক্ষ জানায়, বুফেতে তিন ধরনের হালিম রয়েছে—চিকেন, বিফ ও মাটন। ডেজার্ট বুফেতে লাইভ জিলাপি স্টেশন থাকবে। শেফরা লাইভে জিলাপি বানাবেন। কয়েক প্রকার জিলাপি পাওয়া যাবে। ড্রিংকসে প্রায় ১২ থেকে ১৩ প্রকার জুস, স্মুদি, লাচ্ছি ও ইনফিউজড ওয়াটার থাকবে। বুফেতে বিভিন্ন ধরনের খেজুর ও বারবিকিউ লাইভ কাউন্টার থাকবে। পিৎজা, পাস্তা, ভেজিটেবল ও চিজ সেকশন রয়েছে। এছাড়া ইফতার বক্সে অতিরিক্ত কিছু নিতে চাইলে তাও নেওয়া যাবে। সে ক্ষেত্রে বক্সের বাইরে প্রতিকেজি জিলাপি ২ হাজার ৫০০ টাকা, গুড়ের সন্দেস ২ হাজার টাকা কেজি, মেডদুল খেজুর ৪ হাজার টাকা কেজি, প্রন টেম্পুরা ৬ হাজার টাকা কেজি, ল্যাম্ব স্যাং ৬ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাকলাভা মিস্টি ৫ হাজার টাকা, কুনাফা মিস্টি ৫ হাজার টাকা, বাসবুস ৩ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাটন হালিম ৩ হাজার টাকা ও বিফ তেহেরি ২ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বুফের সাধারণ মূল্য একজনের জন্য ১০ হাজার ৫০০ টাকা। কার্ড অফারের মাধ্যমে বিশেষ ডিসকাউন্ট মিলবে। ভিসা ইনফিনিটি ও ব্র্যাক ব্যাংক কার্ডে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার রয়েছে। এনসিসি ব্যাংকের কিছু কার্ডেও একই অফার পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংকের বহু কার্ডে ‘বাই ওয়ান গেট টু’ চালু রয়েছে। ইএইচটি/এমআইএইচএস/