যতদূর চোখ যায়, নানা জাতের সবজির ক্ষেত। ক্ষেতের মাচায় ঝুলছে বাহারি মিষ্টি কুমড়া। জাতভেদে কুমড়ার ওজন ও সাইজ ভিন্ন। পাশের জমিতে ঝুলছে ছোট, বড়, মাঝারি সাইজের লাউ। কয়েক পা এগিয়ে দেখা মিলবে বেগুনের ক্ষেত। যত ধরনের বেগুন আছে, তার সব কয়টিই যেন ফলেছে এখানে। পাশাপাশি জমিতে ২৬টি ফসলের ১২৯টি উন্নত জাতের সবজি চাষ করা হয়েছে যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের এই মাঠে। সবজির ভান্ডার খ্যাত যশোরে এসব সবজির বাম্পার ফলনেই বলে দেয় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। উচ্চ ফলনশীল জাতের এসব সবজির ক্ষেতেই সারাদেশের বীজ পরিবেশক ও কৃষকদের নিয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ক্রপ শো-২০২৬’। যার আয়োজক এসিআই সিড। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের কৃষকদের সম্পদশালী করাই মূল লক্ষ এসিআই সিডের। আবহাওয়া ও মাটির উপযোগিতা বিবেচনায় যুগোপযোগী সঠিক জাত নির্বাচন অত্যন্ত জরুরি। এই ক্রপ শো অঞ্চলভিত্তিক বীজ বিক্রেতা ও কৃষকদের সময়োপযোগী জাত নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশের সবজির চাহিদা পূরণ ও কৃষি উদ্যোক্তাদের চাষাবাদে সফলতা এনে দেবে। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি আব্দুলপুর গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম। চার দশকের বেশি সময় চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত তিনি। সারা বছরই কোনো না কোনো সবজি চাষ করেন। তিনি এসেছিলেন এসিআই আয়োজিত সবজির ক্রপ শোতে। এসে তিনি বিস্মিতও বটে। কেননা এর আগে উচ্চ ফলনশীল সবজি দেখেননি। আজিজুল ইসলাম বলেন, ‘এখানে এসে টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, গাজর, বেগুনসহ নানান সবজি দেখেছি। আমরা যেসব জাতের চাষ করি, তার চেয়ে অনেক বড়। এখানকার চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানকার জাতের সবজির পোকামাকড় আক্রমণও কম। দ্রুত ফলন পাওয়া যায়। সবমিলিয়ে চাষি উপযোগী চাষাবাদের সবজির জাত দেখছি এখানে। এ ধরনের জাত আগামী মৌসুম থেকে চাষাবাদ শুরু করবো।’ যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারফ হোসেন বলেন, ‘এ ধরনের গবেষণা ও ফসলের নানান জাতের ক্রপ-শো বেশি বেশি হওয়া দরকার। এতে করে কৃষকরা তাদের ফসলের ফার্মার সিলেকশন করতে পারবেন। কৃষকরা তাদের আবহাওয়া অনুযায়ী তাদের ফসলের জাত বাছাই করে চাষাবাদ করে লাভবান হবেন।’ তিনি বলেন, বীজ নিয়ে কৃষকদের নানা প্রতারণার অভিযোগ থাকে। এখানে উচ্চ ফলনশীল যেসব জাতের সবজি দেখলাম, সেটা আমাদের কৃষি সেক্টরে আশাব্যঞ্জক। এসিআই সিড বিজনেস ডাইরেক্ট সুধীর চন্দ্র নাথ বলেন, ‘বাংলাদেশের আবহাওয়ায় ও মাটির উপযোগিতা বিবেচনায় যুগোপযোগী সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্রপ-শো অঞ্চলভিত্তিক বীজ বিক্রেতা ও কৃষকদের জন্য সময়োপযোগী উপযুক্ত জাত নির্বাচনে কার্যকর সহায়তা দেবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, ক্রপ-শো’র উচ্চ ফলনশীল সবজি কৃষক ব্যবসায়ী ও ভোক্তাদের মতামতের ভিত্তিতেই আগামীতে এসব জাতের বীজ বাণিজ্যিকভাবে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। মিলন রহমান/এসআর/এমএস