চাঁদপুরে ডা. বশির আহমেদের ওপর হামলার ঘটনায় ড্যাবের নিন্দা

চাঁদপুরে ডা. মো. বশির আহমেদ হৃদয়ের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একইসঙ্গে এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।রোববার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাব এই দাবি জানায়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১ টায় চাঁদপুর জেলার মতলবের গ্রামের বাড়ি থেকে ঢাকা ফেরার পথে কালিপুর বাজার এলাকায় একদল সন্ত্রাসী ডা. বশির আহমেদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা লোহার বাটখারা দিয়ে আঘাত করে তার মাথায় গুরুতর জখম করে। তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ড্যাব-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতি দিয়েছেন।আরও পড়ুন: সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ড্যাব নেতাদেরবিবৃতিতে তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসেবা দিয়ে যাচ্ছেন। এর মধ্যেও চিকিৎসকদের ওপর শারীরিক লাঞ্ছনা ও সহিংসতার মতো অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য।ড্যাব নেতারা প্রশাসনের কাছে এই হামলায় জড়িত সকল দোষির দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি দেশের সকল সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।