নড়াইল, সিলেট ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজদের সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় মোতাবেক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের চাকরি বাংলাদেশের প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো। সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি হওয়া তিন বিচারক হলেন নড়াইলের জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার, সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী এবং চট্টগ্রামে জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। কর্মকর্তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে আগামী ২৬ ফেব্রুয়ারি বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে প্রধান বিচারপতি নির্ধারিত তারিখে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এমএমএআর