শেরপুরের নকলায় দুই ট্রাক ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। ট্রাক দুটিতে ৯৮০ বস্তা সার ছিল। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর বাজারের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করে কৃষি বিভাগ ও পুলিশ। কৃষি বিভাগ জানায়, নকলা উপজেলার সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামে দুটি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় ট্রাক দুটি থেকে মোট ৯৮০ বস্তা সার জব্দ করে। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সারভর্তি ট্রাক দুটি শেরপুরের ঝিনাইগাতী বাফার জোন পয়েন্টে নামানোর কথা ছিল। তবে ঝিনাইগাতী বাফার জোনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগসাজশে সারগুলো নকলা ডিলার পয়েন্টে স্থানান্তরের চেষ্টা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রাক দুটি নকলা থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, যানজট এড়াতে ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা লিখিত কোনো জব্দ আদেশ পাইনি। তবে কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাফার জোন আমাদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে অভিযুক্ত ডিলারদের দাবি, তারা ডিও অনুযায়ী বৈধভাবে সার কিনেছেন এবং নিয়ম মেনেই তা নামানো হচ্ছিল। মো. নাঈম ইসলাম/এফএ/জেআইএম