বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম, বাড়বে দেশেও!

গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এবং মার্কিন-ইরান উত্তেজনা কিছুটা কমার সঙ্গে সঙ্গে ডলারের দাম কমে যাওয়ায় সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৪ দশমিক ৯০ ডলারে উঠেছে। মার্কিন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হিসেবে দেখছেন। এতে ডলারের দাম কমেছে, যদিও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল। আরও পড়ুন: দেশে ঘন ঘন স্বর্ণের দাম সমন্বয় হচ্ছে কেন? রয়টার্স জানিয়েছে, চীনের চন্দ্র নববর্ষের ছুটির কারণে মূল ভূখণ্ডের বাজার বন্ধ থাকায় স্বর্ণের লেনদেনের পরিমাণ কম এবং দাম অস্থির হয়েছে। মঙ্গলবার থেকে লেনদেন পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুল্ক আরোপের ক্ষমতাকে কিছুটা সীমিত করলেও এটি বাণিজ্য অংশীদার বা কোম্পানিগুলোর জন্য পুরোপুরি অনিশ্চয়তার অবসান ঘটায়নি। তবে বাজারে স্বর্ণের ওপর চাহিদা বেড়ে গেছে। সিএমই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছর ফেডারেল রিজার্ভ তিনবার সুদের হার কমাতে পারে বলে আশা করছে বাজার। অন্যদিকে, ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে প্রস্তুত। অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা দিয়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৭ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে, স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ১৮২ দশমিক ৬০ ডলারে উঠেছে, আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৩ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে। আরও পড়ুন: দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? এর আগে সবশেষ গত ২১ ফেব্রুয়ারি সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে দেশে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল সোয়া ১০টা থেকে। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হচ্ছে। অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৮২ টাকায় বেচাকেনা হচ্ছে।