যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ৫ কোটি ৯০ লক্ষ মানুষকে আবহাওয়া সতর্কতার আওতায় আনা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিউইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোডে আইল্যান্ডসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের কারণে বেশ কয়েকটি রাজ্যে ভ্রমণের ওপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডিয়ান মেরিটাইমের বেশিরভাগ অংশ প্রভাবিত হবে। প্রায় এক দশকের মধ্যে এই অঞ্চলের বেশিরভাগ অংশে এটাই সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে। ঝড়ের প্রভাবে তুষারপাত, তীব্র বাতাস এবং উপকূলীয় বন্যা আঘাত হানতে পারে। প্রায় ৪ কোটি মানুষ তুষারঝড়ের সতর্কতার আওতায় রয়েছে এবং আরও ১ কোটি ৯০ লাখ মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে, যা সেন্ট্রাল অ্যাপালাচিয়ান থেকে উপকূলীয় মেইন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরই মধ্যে নিউ জার্সিতে ২০ হাজারের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেজ ডট.ইউএস এর তথ্য অনুসারে, ভার্জিনিয়া, ডেলওয়্যার এবং মেরিল্যান্ডে আরও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, রোববার প্রায় ৩ হাজার ৯০০ মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়েছে যে, ঝড়ের কারণে প্রতি ঘন্টায় আনুমানিক ২-৩ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাত ১-২ ফুট পর্যন্ত হতে পারে। ফলে ভ্রমণ পরিস্থিতি প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তুষারঝড়ের পরিস্থিতি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভ্রমণকে ‘অত্যন্ত বিপজ্জনক’ করে তুলতে পারে বলেও সতর্ক করা হয়েছে। টিটিএন