কলকাতায় গোপনে শাকিবের শুটিং

ঈদে বড়পর্দায় গ্যাংস্টার রূপে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আর সেই সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলছে কলকাতায়- একেবারে নীরবে, গোপনে। শহর বুঝে ওঠার আগেই বিভিন্ন লোকেশনে শেষ করা হচ্ছে অ্যাকশন দৃশ্য। পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’র শুটিং এরই মধ্যে হয়েছে শ্রীলঙ্কায়। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কলকাতায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও- একের পর এক জায়গায় ক্যামেরাবন্দি হচ্ছেন শাকিব। খবর রয়েছে, নব্বইয়ের দশকের কুখ্যাত এক গ্যাংস্টারের আদলে নির্মিত হচ্ছে গল্প। সিনেমায় শাকিবকে দেখা যাবে ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে। এক সাধারণ মানুষের অন্ধকার জগতে পা রাখা এবং ধীরে ধীরে ডন হয়ে ওঠার গল্পই তুলে ধরা হবে পর্দায়। হাওড়ার শালিমার এলাকার একটি বহু বছর বন্ধ কারখানায় রাতভর চলেছে অ্যাকশন দৃশ্যের শুটিং। ধ্বংসস্তূপ আর পুরনো যন্ত্রাংশের মাঝে বন্দুকযুদ্ধ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানা গেছে। কলকাতার বৌবাজারের ঐতিহ্যবাহী মাধো ভবনের সামনে হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ‘অ্যাকশন’ ডাক শোনা মাত্রই বাইকে চেপে বেরিয়ে আসেন শাকিব। গ্যাংস্টার লুকে নায়ককে দেখে মুহূর্তেই জমে যায় ভিড়। তবে দ্রুতই টিম ঘিরে ফেলে শুটিং এলাকা। পরবর্তীতে কিছু দৃশ্যে ডামি শুটও করা হয়। সিনেমায় শাকিবের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া। অন্যদিকে এই সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন জ্যোতির্ময়ী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টলিউড অভিনেতা লোকনাথ দে। তিনি ‘গোপাল কর’ চরিত্রে শাকিবকে অন্ধকার দুনিয়ায় নিয়ে আসবেন। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পিয়ান সরকারকে। গল্প অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর তিনিই হয়ে উঠবেন লেডি ডন এবং শাকিবের সঙ্গে জোট বাঁধবেন। এ ছাড়া মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অভিনয় করছেন ‘বাবু’ চরিত্রে, যিনি শাকিবকে আগ্নেয়াস্ত্র ব্যবহারে সহযোগিতা করবেন। মাধো ভবনে শুটিংয়ের ফাঁকে খলনায়কেরা। ছবি: সংগৃহীত সিনেমার চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের অমিত রায় ও শৈলেশ অবস্থী। অ্যাকশন ও রোম্যান্স মিলিয়ে বড় পরিসরে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজক শিলিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস)। আরও পড়ুন:নয় বছর পর একসঙ্গে গাইলেন নওমি-ইমরান মাহমুদুল মনির খানের ‘আল্লাহ মাফ করো’  সব মিলিয়ে, ঈদে বড়পর্দায় গ্যাংস্টার গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। কলকাতায় গোপন শুটিং সেই প্রস্তুতিরই অংশ- যা নিয়ে এরই মধ্যে দুই বাংলায় তৈরি হয়েছে কৌতূহল। এমএমএফ