টাকাই আমার সব

অর্থ মানুষের জীবনে প্রয়োজনীয়, কিন্তু যখন টাকাই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়, তখন মানবিকতা ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়। সমাজে অনেক সময় সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ও টাকার মাপে নির্ধারিত হচ্ছে। এই কবিতায় সেই কঠিন বাস্তবতা ও অর্থনির্ভর মানসিকতার গভীর চিত্র তুলে ধরা হয়েছে।​টাকার পিছে ঘুরছে মানুষ, ছুটছে হয়ে অধীর,টাকাই মানুষ অন্ধ বানায়, কাউকে বানায় বধির।টাকাই শক্তি, টাকাই মুক্তি, টাকাই প্রধান জোর,টাকা হলেই উচিত কথার ঘুরে যায় তার মোড়।টাকা দিয়ে মুখ খোলা যায়, কারো করা যায় বন্ধ;টাকাই বাড়ায় বৈরিতা আর ঝগড়া-বিবাদ-দ্বন্দ্ব।​টাকাই উঁচু, টাকাই নিচু, টাকাই করে শাসন,টাকাই দেবে অযোগ্যদের দখল করা আসন!টাকা ছাড়া চাকরি হয় না, হয় না মেধার দাম,টাকাই পারে সব করিতে-যশ-খ্যাতি বা নাম।অসৎ লোকের অসৎ কাজ, সব মূলে যার টাকা,কুকীর্তি সব করতে হয় ভাই, টাকা দিয়েই ঢাকা!​টাকাই চেনায় মানুষ কেমন, কেমন তার স্বভাব,টাকাই করে স্বভাব নষ্ট, হলে তার ভাই অভাব!টাকা হলেই জয় করা যায় সুন্দরীদের মন,টাকাই আপনার সব করিবে, আপনি কিছু নন!টাকার জন্যই পতিতারা দেহ দেয় তার বেচে,টাকার জন্যই নর্তকীরা গান গায় আর নাচে।​টাকাই করে পরকে আপন, আপন করে পর,টাকার জন্যই সব করে ভাই নারী কিংবা নর।টাকার জন্য প্রিয় লোকের রূপ হয়ে যায় ভিন্ন,টাকার দ্বন্দ্বে ভাইয়ের বন্ধন এক পলকেই ছিন্ন!টাকার নেশায় পড়ে কেহ ভুলে যায় তার রব;টাকাই জীবন, টাকাই মরণ, টাকাই আমার সব!