নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ২০০ মিটার গভীরে, নিহত ১৯

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে পোখারা থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নেপালের ধাডিং জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যাওয়ার পর প্রাণহানির এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের দুই পর্যটকও রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা ও রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতায় ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিরাপত্তা বাহিনীকে। ধাডিং জেলা ট্রাফিক পুলিশ অফিসের প্রধান শিশির থাপা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আরও পড়ুন: মিশরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৮ হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুরি বলেন, বাসটি রাস্তা থেকে ছিটকে ২০০ মিটার দূরে পড়ে যায়। দুর্ঘটনায় আহত ২৫ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিল। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।