মসজিদে নববির নতুন ইমাম শায়খ সালেহ বিন আওয়াদ

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত আলেম শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি।.শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজকীয় আদেশে মসজিদে নববীর ইমাম হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগের পর প্রথমবারের মতো তিনি মসজিদে নববীতে এশার নামাজে ইমামতি করেন। ১৯৬৩ সালে মদিনার একটি সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল-মাগামসি। শৈশব থেকেই জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠায় অল্প বয়সেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীরভাবে মনোনিবেশ করেন। পরবর্তীতে তিনি কুরআনের তাফসির শাস্ত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন। দীর্ঘদিন তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শায়খ সালেহ আল-মাগামসি কুরআনের তাফসিরে শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনার জন্য বিশেষভাবে সুপরিচিত। তিনি ধর্মীয় আলোচনায় সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয় যুক্ত করে তুলে ধরেন, যার কারণে মুসলিম বিশ্বে তিনি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, টেলিভিশন কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে কুরআনের ভাবনা, সিরাত ও ইসলামী মূল্যবোধ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। মসজিদে নববীর ইমাম হিসেবে তার নিয়োগকে ধর্মীয় অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদে দায়িত্ব পাওয়া তাঁর দীর্ঘদিনের ইলমি সাধনার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: সৌদি গেজেট