বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে আমরা কাজ করছি। তাছাড়া প্রবাসী যারা আছেন তারা যেন এয়ারপোর্টে এসে বুঝতে পারেন যে বিমানবন্দরে একটা পরিবর্তন এসেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী আফরোজা খানম আরও বলেন, মানিকগঞ্জে অনেক ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। তার আগে আমাদের প্রধান কাজ হবে নদী শাসন। এ কাজ হয়ে গেলে আমরা পদ্মা কেন্দ্রিক পর্যটন স্পট গড়ে তুলবো। আফরোজা খানম বলেন, আমাদের মাত্র তিন দিন অফিস হয়েছে। এর মধ্যে আমরা বসে নেই। থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আমরা কাজ করছি। এই মন্ত্রণালয়ে জয়েন করার পরই দেখেছি যে এখানে প্রচুর কাজ পড়ে আছে। ধারাবাহিকভাবে সেই কাজগুলো করছি। তাছাড়া বিমানের টিকিট সিন্ডিকেট নিয়েও আমরা কাজ করবো। তিনি আরও বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা অবশ্যই শুনেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে খুব কঠিনভাবে নেমেছেন। আমাদেরকেও বলেছেন আমরা যেন সততা নিয়ে কাজ করি। এই মন্ত্রণালয়ের যে দুর্নাম আছে সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। বর্তমান সরকার কিন্তু এই ধ্যান-ধারণা নিয়েই কাজ করছে। আমি চেষ্টা করবো আমার সততা আদর্শ দিয়ে এই মন্ত্রণালয়ে পরিবর্তন আনার। উল্লেখ্য, মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো মানিকগঞ্জ সফরে এলেন আফরোজা খানম। এসময় মানিকগঞ্জ প্রেস ক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। মো. সজল আলী/এফএ/জেআইএম