রাজার আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের সামনে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়াংখেড়েতে মুখোমুখি হবে গ্রুপ পর্বের দুই অপরাজিত দল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দুই বছর পর বিশ্বকাপে জায়গা করে নেয়া জিম্বাবুয়ে এ ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে, দলে ইনজুরি সমস্যা না থাকায় স্বস্তিতে উইন্ডিজ কোচ ড্যারেন সামি। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পট লাইট কেড়েছে জিম্বাবুয়ে। যে দল দুবছর আগে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। সেই দলটাই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইট নিশ্চিত করেছে। যেখানে জিম্বাবুয়ের প্রথম বাধা ওয়েস্ট ইন্ডিজ। তবে গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলে ভারতের উইকেটে মানিয়ে নেয়া চ্যালেঞ্জ হতে পারে জিম্বাবুয়ের জন্য। এছাড়া কাগজে কলমে শক্তিমত্তায় এগিয়ে ক্যারিবিয়ানরা। তবু গ্রুপ পর্বের আত্মবিশ্বাস এ ম্যাচে কাজে লাগিয়ে বাজিমাতের প্রত্যাশা সিকান্দার রাজার।গতকাল সংবাদ সম্মেলনে সিকান্দার রাজা বলেন, ‘আমার মনে হয় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। জয়ই আসলে আপনাকে উঁচুতে নিয়ে যাবে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। ফলাফল যাই হোক না কেন, আমি মনে করি না সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণ হবে। ছোট মাঠ বা অন্য কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ দুই দলের জন্যই অবস্থা একই থাকবে। আমরা চাই জিম্বাবুয়ের সেরা পারফরম্যান্স।’আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কঠিন সমীকরণ ভারতের সামনেএবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল আছে উড়ন্ত ফর্মে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে সুপার এইট পর্ব নিশ্চিত করেছে তারা। শুরুটা করে স্কটল্যান্ডকে হারিয়ে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস বাড়ে ড্যারেন সামি বাহিনীর। নেপাল ও ইতালিকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উইন্ডিজ। ওয়াংখেড়ের ২২ গজে এই আসরে দুটি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ভেন্যু সুবিধায় কিছুটা এগিয়ে থাকবে ক্যারিবীয়রা। এ ম্যাচের আগে ইনজুরি সমস্যা না থাকায় জয় নিয়ে আশাবাদী সামি। তবে ম্যাচটা সহজভাবে নিচ্ছেন না উইন্ডিজ কোচ।তিনি বলেন, ‘আমাদের জন্য ভালো দিক হলো, সবাই এখন খেলার জন্য প্রস্তুত। সুপার এইটে যাওয়ার আগে সবাই এটাই চাইবে। এটা জেনে আমি খুশি যে আমার সব সৈনিক মাঠে নামার জন্য প্রস্তুত। আমার মনে হয় জিম্বাবুয়ে দারুণভাবে নেতৃত্ব পাচ্ছে। সিকান্দার রাজা খুব আত্মবিশ্বাসী, আর সে নিজেই উদাহরণ তৈরি করে দলকে নেতৃত্ব দেয়। ম্যাচের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। টুর্নামেন্টে দুই দলই এখনও হারেনি।’