পবিত্র রমজান মাস উপলক্ষে কুষ্টিয়া পৌরবাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাজার তদারকি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এসময় বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের পৌর বাজারে (মিউনিসিপ্যালিটি মার্কেট) কৃষি বিপণন অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাজার তদারকি করেন তিনি। বাজার তদারকির সময় এমপি আমির হামজা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন। এসময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে মুরগির বাজারে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় দুই দোকানিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির মো. এনামূল হক, কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মুফতি আমির হামজা সাংবাদিকদের বলেন, ‘চলমান রমজানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজার তদারকি ও সামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’ আল-মামুন সাগর/এসআর/এএসএম