আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। আরও পড়ুন: কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, করছেন কী?সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা বিজ্ঞপ্তির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। অধিবেশন উপলক্ষে এরইমধ্যে সংসদ ভবনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদের এটিই হবে প্রথম অধিবেশন। নিয়মানুযায়ী, প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেবেন।