ছয় সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি করপোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সিটি করপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবি করেছিলাম যে, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায় নাই। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি কর্পোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরূপ প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেয়া হলো।আরও পড়ুন: ছয় সিটিতে বিএনপি সরকারের নিয়োগ দেয়া প্রশাসক কারা? আতাউর রহমান আরও বলেন, যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরষ্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেয়া হবে? আমরা জোর দাবি করছি যে, ছয়টি সিটি কর্পোরেশনে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোন দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেয়া যায় না।